বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪

এলাকাবাসীকে সাথে নিয়ে হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই : মীর হেলাল

শুক্রবার দিনব্যাপী হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে আয়োজিত পথসভা ও মহিলা সমাবেশে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ছবি: বাসস

চট্টগ্রাম উত্তর (হাটহাজারী), ৭ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, আমি নির্বাচিত হলে এলাকার সবাইকে নিয়ে হাটহাজারীর উন্নয়ন করতে চাই। 

তিনি বলেন,‘আমি হাটহাজারীর মাটি ও মানুষকে অত্যন্ত ভালোবাসি। জীবনের শেষদিন পর্যন্ত হাটহাজারীর মানুষের সেবা করতে চাই। আগামী দিনে আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হলে বিগত ১৭ বছরের সব অপ্রাপ্তি ও উন্নয়ন বঞ্চনার দুঃখ পুষিয়ে দিতে চাই।’

গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী হাটহাজারী উপজেলার ৯ নং গোড়দুয়ারা ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে আয়োজিত পথসভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সনাতনীসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে মীর হেলাল বলেন, কোনো প্রকার অপপ্রচার ও গুজবে কান না দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে নিসংকোচে ধানের শীষে ভোট  দেবেন। ধানের শীষ বিজয়ী হলে আগামী দিনে হাটহাজারী সকল মানুষের জন্য নিরাপদ আবাসস্থলে পরিণত হবে। আমি হাটহাজারীকে বাংলাদেশের জন্য অনুকরণীয় উন্নত সমৃদ্ধ আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

গণসংযোগকালে তিনি পৌরসভার বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি এবং বাজারে বাজারে গিয়ে সাধারণ ব্যবসায়ী, শ্রমজীবী, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগ ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ গিয়াসউদ্দিন, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ডা. রফিকুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. এ শুক্কুর, যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান দৌলত, অ্যাডভোকেট রিয়াদ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ত্বকিবুল ইসলাম তকি প্রমুখ।