শিরোনাম

মাদারীপুর, ৭ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীক জিতলে বাংলাদেশ জিতবে। আর আমরা যদি হেরে যাই, তাহলে বাংলাদেশ হারবে।
তিনি বলেন, ধানের শীষ হেরে গেলে সেই হার হবে স্বাধীনতাবিরোধীদের কাছে। যারা এ দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল।
গতকাল শুক্রবার বিকেলে ডাসার উপজেলা বিএনপির উদ্যোগে পাথুরিয়ারপাড় সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি মাদারীপুর-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী।
খোকন তালুকদার বলেন, ‘এই নির্বাচন শুধুই একটি ভোটের লড়াই নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। ইনশাল্লাহ, আমরা জিতবো।’
তিনি বলেন, ‘আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই না। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। কিন্তু একজনকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এমন কথা বলে যারা ধর্মকে বিক্রি করে ক্ষমতায় যেতে চায়, তারা ক্ষমতায় তো যাবেই না, বরং এসব অপকর্মের জন্য তাদের জবাবদিহি করতে হবে।’
তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, ‘আপনারা কি বাংলাদেশকে হারতে দেবেন? আপনারা কি স্বাধীনতার অস্তিত্ব বিলিয়ে দেবেন? এ সময় উপস্থিত জনতা ‘না, না’ স্লোগানে জনসভাস্থল মুখরিত করে তোলে।
ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক ব্যাপারী, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম সুজন, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম খান, ডাসার উপজেলা মহিলা দলের সভানেত্রী সৈয়দা জোহরা খানমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।