বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৮

খুলনায় পোস্টাল ভোট দেবেন ২৫,৭৮৬ জন ভোটার 

খুলনা, ৬ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি সংসদীয় আসনে মোট ২৫ হাজার ৭৮৬ জন ভোটার পোস্টাল (ডাকযোগে) ভোটদানের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে আবেদনকারীদের মধ্যে ৬০টি বাতিল করা হয়েছে।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ডাকযোগে ভোটদানের জন্য ২৫ হাজার ৮৪৬ জন ভোটার আবেদন করেছিলেন। কিন্তু যাচাই-বাছাইয়ের পর ৬০টি আবেদন বাতিল করা হয়। যার ফলে ২৫ হাজার ৭৮৬ জন যোগ্য ভোটার ডাকযোগে ভোট দিবেন। 

তালিকায় প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্ব পালনকারী আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, বিচারাধীন বন্দী এবং নির্বাচন-সম্পর্কিত দায়িত্বে নিযুক্ত উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।

তথ্য অনুযায়ী, পুরুষ ভোটারদের সংখ্যা নারী ভোটারদের তুলনায় প্রায় তিনগুণ বেশি।

সূত্র জানিয়েছে, খুলনা-১ আসনে ২ হাজার ৮৬৮ জন ভোটার ডাকযোগে ভোটদানের জন্য আবেদন করেছেন। যার মধ্যে ১ হাজার ৯৬৪ জন পুরুষ এবং ৯০৪ জন মহিলা।

খুলনা-২ আসনে মোট ৪ হাজার ৯৫৫ জন ভোটার আবেদন জমা দিয়েছেন। এর মধ্যে ২ হাজার ৯৫৪ জন পুরুষ এবং ১ হাজার ৯৯১ জন মহিলা। এখানে যাচাই-বাছাইয়ের পর আটটি আবেদন বাতিল করা হয়েছে।

খুলনা-৩ আসনে ৫ হাজার ২২৮টি ডাকযোগে ভোটদানের আবেদন জমা পড়েছে। যার মধ্যে ৪ হাজার ৩১১ জন পুরুষ এবং ৮৯৭ জন মহিলা। যাচাই-বাছাই শেষে ২১টি বাতিল করা হয়েছে।

খুলনা-৪ আসনে ৪ হাজার ৫৯০ জন ভোটার ডাকযোগে ভোটদানের জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে ৩ হাজার ৬৭৩ জন পুরুষ এবং ৯১৭ জন মহিলা। যাচাই-বাছাইয়ের পর ১৬ জনের আবেদন বাতিল করা হয়েছে।

খুলনা-৫ আসনে ৪ হাজার ৩২১ জন ভোটার আবেদন করেছেন। যার মধ্যে ৩ হাজার ২৭৬ জন পুরুষ এবং ১ হাজার ৪৫ জন মহিলা। যাচাই-বাছাইয়ের পর ৯টি আবেদন বাতিল করা হয়েছে।

খুলনা-৬ আসনে ৩ হাজার ৮৮৪ জন ভোটার ডাকযোগে ভোটদানের জন্য আবেদন করেছেন। যার মধ্যে ৩ হাজার ৩১ জন পুরুষ এবং ৮৫৩ জন মহিলা। এখানে ছয়টি আবেদন বাতিল করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে এ বিষয়ে খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল সামাদ বাসসকে বলেন, এ বছর বিপুল সংখ্যক সরকারি কর্মকর্তা, আইন প্রয়োগকারী কর্মী এবং নির্বাচনী কর্তব্যরত কর্মকর্তা ডাকযোগে ভোটদানের জন্য আবেদন করেছেন। 

এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশিও আবেদন করেছেন। আবেদন প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করতে ব্যর্থ হওয়ার কারণে কিছু ভোটার ব্যালট পাননি।

সামগ্রিকভাবে খুলনায় ২৫ হাজার ৭৮৬ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট দেবেন।