বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৪
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৩

বাউনিয়ায় গ্যাস সংকট নিরসনে উদ্যোগ নেব : আরিফুল ইসলাম

ছবি : বাসস

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের প্রার্থী আরিফুল ইসলাম বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে জয়ী হলে তিনি বাউনিয়া এলাকার গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেবেন। 

আজ শুক্রবার তুরাগের বাউনিয়া বাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। 

এর আগে, বাউনিয়া বাজার ও আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন আরিফুল ইসলাম।

এ সময় আরিফুল ইসলাম বলেন, বাউনিয়াসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে নিয়মিত গ্যাসের বিল নেওয়া হলেও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা হয় না। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন মায়েরা, বিশেষ করে রান্নার সময় গ্যাস সংকট তাদের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। 

তিনি বলেন, বাউনিয়া বাজার ও আশপাশের এলাকার রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা। বিগত সময়ে সড়ক উন্নয়নের নামে বরাদ্দ এলেও তা বাস্তবায়ন হয়নি। বরং জনপ্রতিনিধিদের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হয়েছে। তবে আমরা একটি ইনসাফভিত্তিক নগরী গড়ে তুলতে চাই। আমরা তুরাগের প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়ন নিশ্চিত করব।

শাপলা কলি প্রতীকের এই প্রার্থী বলেন, তুরাগ এলাকায় পর্যাপ্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে। এতে স্থানীয় শিক্ষার্থীরা নানাভাবে বঞ্চিত হচ্ছে। আগামী দিনে একটি নিরাপদ ও পরিকল্পিত নগরী গড়ে তুলতে হলে প্রতিটি ওয়ার্ডে জনসংখ্যার অনুপাতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেব। একই সঙ্গে সিটি কর্পোরেশনের মাধ্যমে নাগরিক সেবাগুলো আরো কার্যকর ও সহজলভ্য করব।

এর আগে, সকালে কাওলা ও আশকোনা অঞ্চলের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন আরিফুল ইসলাম।