বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২০

দিনাজপুরে আনসার ও ভিডিপি’র সদস্যদের নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ 

শুক্রবার দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। ছবি: বাসস

দিনাজপুর ৬ ফেব্রুয়ারি ২০২৬(বাসস) : জেলায়  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুর দু'টায় দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সারা দেশের ন্যায় দিনাজপুরে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আনসার ও ভিডিপি'র মহা-পরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা আনসার-ভিডিপি কমান্ডেন্ট মো. নুরুজ্জামান বলেন,এই জেলার ৬'টি সংসদীয় আসনে ১৩'টি উপজেলায় প্রায় সাড়ে ১১ হাজার আনসার ও ভিডিপি'র পুরুষ ও মহিলা সদস্য দায়িত্ব পালন করবেন। তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সদস্যাদের উদ্দেশ্যে কঠোর দিক-নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বাহিনীর কোন সদস্য নির্বাচনের দিন কোন প্রার্থী বা প্রিজাইডিং অফিসারের নিকট থেকে কোন উপহার বা 'বকশিস গ্রহণ করতে পারবেন না। এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তা কেন্দ্রে গেলে কোন প্রকার ব্যক্তিগত আপ্যায়ন যেমন, পানি বহন বা খাবার পরিবেশন করা যাবে না।

তিনি বলেন, আনসার সদস্যদের মূল কাজ ভোট কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা এবং প্রিজাইডিং কর্মকর্তার শারীরিক নিরাপত্তা নিশ্চিত করা। ভোটের ব্যালট বাক্স নিরাপত্তা দেওয়া। ঘর পরিষ্কার করা বা টেবিল গোছানো নয়। নিজের জীবন বাজি রেখে হলেও ব্যালট বাক্স রক্ষা করতে হবে। এই জেলার আনসার ও ভিডিপি’র সদস্যদের দেশব্যাপী সুনাম রয়েছে। যা আসন্ন ক্রয়োদশ সংসদ নির্বাচনে বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে জানানো হয়, বাহিনীর মহা-পরিচালক এবং রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক এর নির্দেশনা অনুযায়ী, সরকার ও জনগণের আস্থা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যরা শতভাগ নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করবে।বাহিনীর সদস্যদের তিনি এ ধরনের নির্দেশনা পালন করতে বলেছেন।

উপস্থিত আনসার-ভিডিপি সদস্যরা তারা স্বচ্ছতার সঙ্গে  নিজেদের নির্বাচনী দায়িত্ব পালন করতে সমাবেশে অঙ্গীকারের ঘোষণা দেন।