শিরোনাম

পটুয়াখালী, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে বিএনপিকে পূর্ণাঙ্গ সমর্থন ও সহযোগিতা করলে এ জনপদকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত করে শান্তির জনপদে পরিণত করা হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের দিত্তা স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, কে কোন দল করবেন তা বিবেচ্য বিষয় নয়। সবাইকে সঙ্গে নিয়েই কলাপাড়া ও রাঙ্গাবালীর সার্বিক উন্নয়ন করা হবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে দেশের স্বার্থে এবং স্থানীয় উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
চাকামইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম উদ্দীন মানিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা মুসা তাওহীদ নান্নু মুন্সি, ইউপি চেয়ারম্যান মজিবর রহমান হাওলাদার, ইউনিয়ন বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন হাওলাদার প্রমুখ।
সমাবেশ সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার।