বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৮

আচরণবিধি ভঙ্গ করার দায়ে ২১২ মামলায় প্রায় ২৩ লাখ টাকা জরিমানা

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ৩৫৩টি নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে ২১২টি মামলা দায়ের এবং ২২ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ পরিচালক (অপারেশন্স) এবং গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব মো: সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, গত ৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোট ২১২টি মামলা করেছেন। এসব মামলায় জরিমানা আদায় হয়েছে মোট ২২ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা।

অন্যদিকে, ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি বিভিন্ন অপরাধে ১৫টি অভিযোগের সংক্ষিপ্ত বিচার সম্পন্ন করেছে। এতে জরিমানা করা হয়েছে আরও ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা। 

তিনি আরো জানান, মোট ৩৪৪টি অভিযোগের মধ্যে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে ১৪৩টি। এছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও অন্যান্য বিষয়ে অভিযোগ রয়েছে ২০১টি।