বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৮

সমৃদ্ধ মুরাদনগর গড়ে তুলতে ইসলামী অনুশাসন ছাড়া সম্ভব নয় : মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ছবি : বাসস

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং একটি মানবিক ও ইনসাফপূর্ণ সমাজ গড়ে তুলতে ইসলামী অনুশাসনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

আজ বৃহস্পতিবার বিকেলে মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ও ছালিয়াকান্দি ইউনিয়নে পৃথক পৃথক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ ও সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী অনুশাসন ছাড়া ইনসাফপূর্ণ সমাজ গড়া সম্ভব নয়। সমৃদ্ধ ও উন্নত মুরাদনগর গড়ে তুলতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, আমরা চাঁদাবাজমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নত মুরাদনগর গড়ে তুলতে চাই। জনগণের শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে আলেম প্রার্থীকে হাতপাখা প্রতীকে বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেন, নীতি ও আদর্শের পরিবর্তন ছাড়া কাঙ্ক্ষিত মুক্তি অর্জন সম্ভব নয়। ভালো নেতা ও সঠিক নীতির মাধ্যমে একটি আদর্শ ও সমৃদ্ধ মুরাদনগর গড়ে তোলার আহ্বান জানান তিনি।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুরাদনগর উপজেলা সভাপতি মাস্টার মফিজুল ইসলাম, সেক্রেটারি হাজী আব্দুল করীম, মাওলানা দেলাওয়ার আমীন, মুফতী মানসুরুল হক, মাওলানা শোয়াইব হুসাইনসহ দলীয় নেতৃবৃন্দ।