বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৪

সুনামগঞ্জ- ৪ আসনের বিএনপি ও জোট প্রার্থী নুরুলের নির্বাচনি ইশতেহার ঘোষণা 

ছবি : বাসস

সুনামগঞ্জ, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): সুনামগঞ্জ-৪ আসন (সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর) আসনের বিএনপি ও জোট প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১.৩০ মিনিটে পৌর শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে এ নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়। 

নির্বাচনি ইশতেহার পাঠকালে তিনি তার বক্তব্যে বলেন-আমি ক্ষমতার এমপি হতে চাই না, জনতার এমপি হতে চাই। এই আসনটি জেলার অন্যতম একটি আসন। দীর্ঘদিন ধরে এ জনপদে নিরাপত্তা, অব্যবস্থাপনা ও উন্নয়ন বঞ্চিত। সেফ সুনামগঞ্জ, সেভ সুনামগঞ্জ এ অঙ্গীকার নিয়ে তিনি এই আসনকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।

বৈষম্য ও দুর্নীতির ঘেরাকলের শিকার এ আসন। এই আসনের ভোটারদের ভোট ও সমর্থন পেলে সুনামগঞ্জ-৪ কে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩১ দফা সংস্কার কর্মসূচির আলোকে একটি নিরাপদ কর্মসংস্থানমুখী ও মর্যাদাশীল জনপদে রূপান্তরের অঙ্গীকার করেন।

ইশতেহারে তিনি ১১ দফা কর্মসূচি তুলে ধরেন। ১১ দফার মধ্যে সামাজিক নিরাপত্তা, হাওর, কৃষি, কৃষক ও পরিবেশ সুরক্ষা, কৃষক ও জীবিকার নিরাপত্তা, তরুণ প্রজন্মবান্ধব ব্যবস্থা, কর্মসংস্থান ও শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, পর্যটন-পরিবেশ সংরক্ষণের ব্যবস্থাসহ নারীর ক্ষমতায়ন এবং উন্নয়ন পরিকল্পনা ইত্যাদি বাস্তবায়নে তিনি তার অঙ্গীকার নামায় ব্যক্ত করেন।

লিখিত ইশতেহার পাঠ করার সময় নূরুল বলেন, এছাড়াও তিনি ফ্যামেলিকার্ড কর্মসূচির বাস্তবায়ন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বাস্তবায়নে স্বচ্ছতা, নারী শিশু নির্যাতন রোধে কার্যকর পদক্ষেপ এবং সংখ্যালঘু ও প্রান্তিক জনগষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান।

সংবাদ সম্মেলন পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোনাজির সুজন। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতম মিসবাহ্, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট শেরেনূর আলী, জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম, ব্যারিস্টার আবিদুল হকসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী।