বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৯

রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায় নেতাকর্মীরা আসতে শুরু করেছেন

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ১১ দল আয়োজিত জনসভাস্থলের একাংশ। ছবি : বাসস

রাজশাহী, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ১১ দল আয়োজিত জনসভাস্থলে নেতাকর্মীরা আসতে শুরু করেছে।. 

আজ বৃহস্পতিবার বেলা ১১ টার পর থেকেই মাঠ ও আশপাশের এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল, ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হচ্ছেন। জনসভায় জামায়াত ইসলামের আমিরসহ ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য রাখবেন।

দলীয় সূত্র জানায়, জনসভাকে সফল করতে আগেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম স্থাপন এবং স্বেচ্ছাসেবক টিম মোতায়েন করা হয়েছে। নেতাকর্মীরা দলীয় পতাকা ও স্লোগান নিয়ে মাঠে প্রবেশ করলে পুরো এলাকা ধীরে ধীরে মুখরিত হয়ে উঠছে।

নেতাকর্মীরা জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, জনগণের অধিকার এবং ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার প্রত্যাশায় তারা জনসভায় অংশ নিচ্ছেন।

জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাঠের প্রবেশপথ ও আশপাশের সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। আয়োজকরাও শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

দিন গড়ানোর সঙ্গে সঙ্গে মাদ্রাসা মাঠে নেতাকর্মীদের উপস্থিতি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এই জনসভা রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে জামায়াত নেতৃবৃন্দ মনে করেন।