শিরোনাম

নড়াইল, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক জনসভায় যোগ দিতে আগামীকাল শুক্রবার নড়াইলে আসছেন। তার এই সফরকে ঘিরে জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সংগঠনের নেতারা জানিয়েছেন, জনসভা সফল করতে সাংগঠনিক, নিরাপত্তা ও শৃঙ্খলাসহ সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ঘোষিত সফরসূচি অনুযায়ী, আগামীকাল বিকেল সাড়ে ৩টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
আয়োজকরা আশা প্রকাশ করছেন যে, এ জনসভায় নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলা থেকে লক্ষাধিক মানুষের উপস্থিতি হবে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা জামায়াতের কার্যালয়ে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ্যাড. আতাউর রহমান বাচ্চু।
তিনি বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামীর আমিরের আগমনকে কেন্দ্র করে অনুষ্ঠেয় জনসভা সফল করতে সাংগঠনিক ব্যবস্থাপনা, নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী ও নড়াইল-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার, জামায়াত নেতা ড. আব্দুস সোবহান।