শিরোনাম

পিরোজপুর, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি জনসভায় যোগ দিতে আগামীকাল পিরোজপুর আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোট প্রধান ডা.শফিকুর রহমান। জেলা জামায়াত আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
দলটির শীর্ষ এ নেতার আগমন উপলক্ষে জেলাব্যাপী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
ডা.শফিকুর রহমান আগামীকাল ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বেলা ১১ টায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন।
তার সফর সঙ্গী হিসেবে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)র মুখপাত্র আল রাশেদ প্রধান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আক্তার মিতুসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সভায় যোগ দেবেন।
এছাড়াও জামায়াত মনোনীত পিরোজপুর -১ আসনের প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর -২ এর প্রার্থী শামীম সাঈদী এবং এনসিপি মনোনীত ও জামায়াত সমর্থিত পিরোজপুর -৩ এর প্রার্থী ড.শামীম হামিদীসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এ উপলক্ষে গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, ৬ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর আমিরের পিরোজপুর আগমন ও জনসভা জেলাবাসীর জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। বিগত দিনের দুঃশাসন ও জুলুম-নিপীড়ন কাটিয়ে একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের যে নতুন স্বপ্ন আজ দেশের মানুষ দেখছে সেই প্রেক্ষাপটে আমিরে জামায়াতের এই আগমন আমাদের প্রেরণা জোগাবে। তিনি পিরোজপুরের সাধারণ মানুষের সাথে মিলিত হবেন এবং বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে দেশ গড়ার দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করবেন।
তিনি বলেন, জনসভা উপলক্ষে ইতোমধ্যেই মঞ্চসহ সার্বিক প্রস্তুতি শেষ পর্যায়ে। আমরা আশা করছি এ জনসভায় প্রায় লক্ষাধিক লোক সমাগম হবে।