শিরোনাম

নাটোর, ৫ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ নাটোরে আসছেন। তিনি সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় যোগদান করবেন।
জনসভায় ডা. শফিকুর রহমান নাটোরের চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১১ দলীয় জোটের চার প্রার্থীর হাতে নির্বাচনের প্রতীক তুলে দেবেন।
এর আগে জামায়াত আমির নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীতে চারটি নির্বাচনি জনসভায় যোগদান করবেন। তিনি রাজশাহী থেকে সড়ক পথে নাটোরে আসবেন। জনসভা শেষে নাটোরে রাত্রিযাপন করবেন।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আতিকুল ইসলাম রাসেল জানান, জেলার চারটি সংসদীয় এলাকা থেকে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা জনসভায় উপস্থিত থাকবেন। লক্ষাধিক মানুষের জনসমাগম হবে বলে আশা করা হচ্ছে।
নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম জানান, জনসভার মঞ্চ নির্মাণসহ সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিকেল চারটা থেকে জনসভার কার্যক্রম শুরু হবে।