বাসস
  ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪১

বাঘাইছড়িতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের গণসংযোগ ও পথসভা

ছবি : বাসস

রাঙ্গামাটি, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : সংসদীয় আসন ২৯৯ (রাঙামাটি) তে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ানের সমর্থনে জেলার বাঘাইছড়ি উপজেলাধীন ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়নের দুর্গম করেঙ্গাতলী বাজারে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার দুপুর ১২টায় উপজেলার ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়নের দুর্গম করেঙ্গাতলী বাজারে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, সহ সভাপতি ও বাঘাইছড়ি উপজেলা সভাপতি নিজাম উদ্দিন বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন সহ জেলা উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগণের বিএনপির প্রতি আস্থা আছে। অতীতে যেভাবে জনগণ বিএনপিকে জনসমর্থন দিয়ে এগিয়ে রেখেছে, ঠিক সেভাবেই আগামী নির্বাচনেও জনগণ বিএনপির নেতৃত্বকেই এগিয়ে রাখবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের কল্যাণে কাজ করব। তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।