বাসস
  ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৫
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৮

প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

শেরপুর, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে এই আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ বুধবার শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এই আসনটিতে নির্বাচনের জন্য পুনরায় তফসিল ঘোষণা করা হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মো. নুরুজ্জামান বাদল বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারির দায়িত্বে ছিলেন।