বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৫

নির্বাচনে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে : মহাপরিচালক

ছবি: বাসস

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, নির্বাচনে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এছাড়া, সীমান্তবর্তী ৬২টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্বে থাকবে।

আজ মঙ্গলবার সরাইল রিজিয়নের আওতায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা নিরাপদ রেখেই সারাদেশে ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এতে প্রায় ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, নির্বাচনে নিরাপত্তা জোরদারে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন করা হবে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই এসব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বিজিবি মহাপরিচালক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের মধ্যে সর্বোচ্চ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে দুপুরে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে হেলিকপ্টারে আসেন বিজিবি প্রধান। পরে তিনি উপজেলার আদর্শ মহিলা ডিগ্রি কলেজে অবস্থিত নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন করেন।

এ সময় সরাইল ৩৯ বিজিবি অধিনায়ক, ৫৮ বেঙ্গল (বাংলাদেশ সেনাবাহিনী), শেরপুর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, ডিজিএফআই, এনএসআই, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধির সঙ্গে আসন্ন নির্বাচন সংক্রান্ত সার্বিক নিরাপত্তা ও সমন্বয় বিষয়ে আলোচনা হয়।