বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫১
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০১

পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে : আনসার মহাপরিচালক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়াম মাঠে আনসার ও ভিডিপির প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথি ছিলেন। ছবি : বাসস

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, কঠোর নিরপেক্ষতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে।

তিনি বলেন, ভোটকেন্দ্রে কোনো অবাঞ্ছিত আচরণ পরিলক্ষিত হলে ‘নির্বাচনী সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে দায়িত্বরত দুজন সদস্য তাৎক্ষণিকভাবে তথ্য প্রদান করবেন, যাতে সংশ্লিষ্ট টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে।

আজ মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়াম মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে আনসার  ও ভিডিপির প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি নির্বাচনী দায়িত্ব পালনে আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, কঠোর নিরপেক্ষতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সময়ে খুলনা স্টেডিয়ামের এই সমাবেশ থেকে যশোর, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশে উপস্থিত সদস্যদের ডিজিটাল জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বাহিনী প্রধান সরাসরি দিকনির্দেশনা প্রদান করেন।

সমাবেশে মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দেশের নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থার প্রথম সারির প্রতিরক্ষা স্তর হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘রাষ্ট্রের কল্যাণে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োজিত ১৩ জন আনসার-ভিডিপি সদস্য অটল পাহাড়ের ন্যায় যেকোনো বিশৃঙ্খলা ও হুমকি প্রতিহত করতে সক্ষম হলে, জাতির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।’

তিনি আরও বলেন, যোগ্য সদস্য নির্বাচন এবং সরাসরি ভাতা প্রদানের ক্ষেত্রে ‘এসটিডিএমএস’ সফটওয়্যার ব্যবহারের ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে।

পাশাপাশি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বৈধ মিডিয়া, পর্যবেক্ষক ও অফিসিয়াল শনাক্তকরণ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে ক্যামেরা সংযুক্ত করে মাঠ পর্যায়ের শৃঙ্খলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। ফলে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো একটি প্রযুক্তিনির্ভর, আধুনিক ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মহাপরিচালক বলেন, ‘নির্বাচনী দায়িত্ব আমাদের কাছে একটি পবিত্র আমানত। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কল্যাণের যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, তার পূর্ণ বিকাশের জন্য একটি নিরাপদ ও গ্রহণযোগ্য উৎসবমুখর নির্বাচনের কোনো বিকল্প নেই।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচনে আনসার-ভিডিপির প্রায় ৫ লাখ ৬০ হাজার সদস্য সরাসরি নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন।

পারস্পরিক সমন্বয়, আধুনিক সক্ষমতা বৃদ্ধি এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সহযোগিতার মাধ্যমে এই বিশাল বাহিনী নির্বাচনী ইতিহাসে একটি শক্তিশালী ও মৌলিক ভূমিকা পালন করবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সমাপনী বক্তব্যে মহাপরিচালক একটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার, অটল মনোবল ও সমন্বিত পেশাদারিত্বের মাধ্যমে আনসার-ভিডিপি সারাদেশে একটি সুদৃঢ় ও অভেদ্য নিরাপত্তা বলয় গড়ে তুলবে, যার ফলে নির্বাচন ও গণভোট জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও গণতান্ত্রিক দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হবে।