বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৬

গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জোনায়েদ সাকির

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে মাথাল মার্কার প্রার্থী জোনায়েদ সাকি। ছবি : বাসস

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপি ও গণসংহতি আন্দোলনসহ যুগপৎ জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে মাথাল মার্কার প্রার্থী জোনায়েদ সাকি। 

এ ছাড়া প্রচারণাকালে জয়কালীপুরে এক পথসভায় তিনি গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘জুলাই জাতীয় সনদ হাজার হাজার তরুণের রক্তের ওপর দাঁড়িয়ে লেখা হয়েছে। তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা গণভোট এবং জাতীয় সংসদের নির্বাচনে যাচ্ছি।’ 

আজ মঙ্গলবার সকাল থেকে বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নে প্রচারণা শুরু করেন তিনি। দিনব্যাপী এই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় অংশ নেন জোনায়েদ সাকি।

প্রচারণাকালে জয়কালীপুরে এক পথসভায় তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে নানা নির্যাতন, জেল-জুলুম, হুলিয়া, গুম ও খুনের মধ্য দিয়ে এই লড়াই চালিয়ে যেতে হয়েছে। বিরোধী দলের ওপর অমানুষিক নির্যাতন হয়েছে, যার মধ্যে বিএনপির ওপর নির্যাতনের মাত্রা ছিল সবচেয়ে বেশি। নানা হয়রানির শিকার হয়েও জনগণ দমে যাননি।

জোনায়েদ সাকি আরও বলেন, ‘আজ আমরা আবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। এই ভোটের মাধ্যমে একদিকে গণভোটে হ্যাঁ দেবেন, অন্যদিকে সংসদ নির্বাচনে সারাদেশে বিএনপি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ জোটের প্রার্থীদের জয়ী করবেন।’

তিনি বাঞ্ছারামপুরে জোট মনোনীত মাথাল মার্কার প্রার্থীকে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।