বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২১

রাজশাহীতে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন, সমাবেশ বৃহস্পতিবার

ছবি : বাসস

রাজশাহী, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আগামী ৫ ফেব্রুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় মাদ্রাসা মাঠে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জোটের মহানগর নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে জোটের শীর্ষ নেতৃবৃন্দ জানান, জনসভার যাবতীয় প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। মাঠের মঞ্চ নির্মাণ, সাজসজ্জা এবং প্রচার-প্রচারণার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। 

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ, আগামীকাল বুধবারের মধ্যেই জনসভার সকল কারিগরি ও আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন হবে। জনসভাকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।

নারী কর্মীদের অংশগ্রহণ ও বিশাল জনসমাগম সংবাদ সম্মেলনে নেতারা জনসভার বিশালত্বের ওপর জোর দিয়ে বলেন, এবারের নির্বাচনী জনসভায় সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদের রেকর্ডসংখ্যক উপস্থিতি থাকবে। 

তারা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করবে, যে দেশের মানুষ ১১ দলীয় জোটের নীতি ও আদর্শের ওপর আস্থাশীল। জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যেই তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে জোটের পক্ষ থেকে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, আমরা রাজশাহীর ঐতিহ্যবাহী মাদ্রাসা মাঠে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর জনসভা উপহার দিতে চাই। শৃঙ্খলা বজায় রাখতে আমাদের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েব আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি সমাজ উদ্দিন মন্ডল, এনপিপির রাজশাহী মহানগরীর আহ্বায়ক মোবাশ্বের আলীসহ ১১ দলীয় জোটের রাজশাহী মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ।