বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫২

ভোটারদের নিরাপত্তা প্রশ্নে কোনো ছাড় নয় : চট্টগ্রামের ডিসি 

ছবি : বাসস

চট্টগ্রাম, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ভোট কেন্দ্রের কক্ষের ভিতর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বটাও ভোটগ্রহণ কর্মকর্তাদের দেখতে হবে। ভোটারদের নিরাপত্তা প্রশ্নে কোনো ছাড় নয়।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিসি জাহিদুল ইসলাম মিঞা বলেন, নির্বাচনের পবিত্র দায়িত্ব পালনে কোনোভাবেই বিবেক বিক্রি মেনে নেওয়া হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের মাধ্যমেই আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী ও গণতান্ত্রিক দেশ গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, এবারের নির্বাচন ও গণভোটে সুরক্ষা অ্যাপ, সিসিটিভি ক্যামেরা এবং বডিওর্ন ক্যামেরার মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করা হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না। ভোটগ্রহণ কর্মকর্তাদের গণভোট সংক্রান্ত আইন ও বিধিবিধান সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। বিভ্রান্তিকর ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই।

ভোটগ্রহণ কর্মকর্তাদের সততা, দায়িত্বশীলতা এবং নির্বাচন প্রক্রিয়ার প্রতি জনআস্থা রক্ষার ওপর গুরুত্বারোপ করে ডিসি জাহিদুল আরও বলেন, ব্যক্তিগতভাবে কারও কোনো রাজনৈতিক দলের প্রতি পছন্দ বা ভালোবাসা থাকতে পারে। তবে দায়িত্ব পালনের সময় তা প্রকাশ করা যাবে না। ভালোবাসা থাকতে হবে রাষ্ট্র ও নিজের সাংবিধানিক দায়িত্বের প্রতি।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনকে ঘিরে অপপ্রচার চালাতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। নির্বাচনে কোনো ধরনের পেশিশক্তি ব্যবহারের সুযোগ দেওয়া হবে না।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনসার ও ভিডিপি চট্টগ্রামের পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মোস্তাক আহমদ, স্থানীয় সরকার চট্টগ্রামের উপপরিচালক গোলাম মাঈনউদ্দীন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান এবং চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।

দিনব্যাপী এই প্রশিক্ষণে রাঙ্গুনিয়া উপজেলার ৯২ জন প্রিজাইডিং অফিসার, ৬১০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ২২০ জন পোলিং অফিসার অংশ নেন। প্রশিক্ষণে ভোটগ্রহণ আইন, দায়িত্ব ও কর্তব্য, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, ব্যালট ও গণভোট পদ্ধতি এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।