শিরোনাম

পটুয়াখালী, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : পটুয়াখালী-২ আসনে গণভোট প্রচারণার লক্ষ্যে 'হ্যাঁ ভোট' ক্যাম্পেইনের গাড়ি উদ্বোধন করা হয়েছে।
দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের উদ্যোগে গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কাগুজিরপুর এলাকায় দু’টি 'হ্যাঁ ভোট' ক্যাম্পেইন গাড়ির উদ্বোধন করা হয়।
'হ্যাঁ ভোট' ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমীর জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
এসময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমরা মনে ‘হ্যাঁ’ ব্যাপকভাবে জয়যুক্ত হবে। এই বিজয়ের মাধ্যকে আমরা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো।
তিনি বলেন, 'হ্যাঁ' মানেই হলো বাংলাদেশ। যেই বাংলাদেশের জন্যই আমাদের মায়েরা, ভাই-বোনরা রাস্তায় নেমে এসেছিলেন। গণভোট এবং জাতীয় ভোট আলাদাভাবে জাতির সামনে তুলে ধরলে ভালো হতো। কিন্তু জাতির বৃহৎ স্বার্থে আমরা একই দিনে মেনে নিয়েছি।
তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে আগামী ৫ বছরের জন্য একটি সরকার গঠিত হবে। আর গণভোটে 'হ্যাঁ ভোট' বিজয়ের মাধ্যমে আগামীর ১০০ বছরের বাংলাদেশ কিভাবে চলবে তা আমরা নির্ধারণ করতে পারবো।
অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমীর জহির উদ্দিন মোহাম্মদ বাবর গণভোটে 'হ্যাঁ ভোট' এবং জাতীয় সংসদ নির্বাচনে ড. শফিকুল ইসলাম মাসুদকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার জন্য জনগণকে আহ্বান জানান।