শিরোনাম

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা নেই।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এক আদেশে তার প্রার্থিতা বহাল রাখেন।
এর আগে, ফাহিম চৌধুরীর নাগরিকত্ব ইস্যু নিয়ে একই আসনের জামায়াত মনোনীত প্রার্থীর করা একটি ‘লিভ টু আপিল’ আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
আদেশের পর ফাহিম চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, আদালতের আজকের এ আদেশের ফলে তার মক্কেলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা নেই।
তবে লিভ টু আপিলের পক্ষের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু বলেন, বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করলেও অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ইস্যুতে আমাদের করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আসনের নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে।
আদালতে ফাহিম চৌধুরীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানু করিম ও ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
অন্যদিকে, জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।