বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০০

আগামীতে দুর্নীতিবাজরা আর রাজনীতি করতে পারবে না : মামুনুল হক

শরীয়তপুর, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দেশের মানুষ রাজনীতির দুই ভূত লুটপাট ও দুর্নীতি এবং পেশিশক্তি আর সন্ত্রাস তাড়াতে চায় বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

গতকাল সোমবার রাতে শরীয়তপুরের পৌরসভা মাঠে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুনুল হক আরও বলেন, আমরা এবারের নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোট দেশের মানুষকে বার্তা দিতে এসেছি। দেশের মুক্তিকামী মানুষ জাগ্রত হয়েছে। এবার দেশের রাজনীতিতে পরিশুদ্ধ আসবে। দুর্নীতি আর সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবে না।

তিনি বলেন, আগামীতে এ দেশে আর দুর্নীতিবাজরা রাজনীতি করতে পারবে না। যারা সন্ত্রাস আর কালোটাকা নির্ভর, পেশিশক্তি নির্ভর, গুণ্ডামির রাজনীতি করতে চায়, ক্ষমতার মসনদ দখল করতে চায়, মনে করে নেন সেই দিন শেষ। বাংলাদেশ এখন বিপ্লবীদের দেশ। এদেশে শরিফ ওসমান হাদিদের দেশ।

জনসভায় আরও বক্তব্য দেন, শরীয়তপুর-১ আসনের ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, জামায়াতে ইসলামী বাংলাদেশের ড. মোশাররফ হোসেন মাসুদ। এ সময় ১১ দলীয় ঐক্যজোটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।