বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৮

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিন : মাওলানা মামুনুল হক

ছবি : বাসস

ফরিদপুর, ২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক বলেছেন, সাধারণ নির্বাচন প্রতি পাঁচ বছর পরপর হলেও গণভোট আসে প্রায় ৫০ বছরে একবার। জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের পক্ষে দাঁড়িয়ে আগামী ১২ তারিখের নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট  দিন।

তিনি আরও বলেন, গুন্ডা ও সন্ত্রাস দিয়ে ভোটকেন্দ্র দখল করে ব্যালটের রায় ছিনতাই করার দিন শেষ হয়ে গেছে। কেউ যদি জনগণের রায় ছিনতাই করতে বা ব্যালটের ফল পাল্টে দিতে আসে, তাহলে প্রতিটি ভোটকেন্দ্রে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলবেন।

আজ সোমবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঈদগাহ ময়দান এলাকায় ১১ দলীয় জোট ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. মিজানুর রহমানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মামুনুল হক।

দলটির ফরিদপুর জেলা আমির মাওলানা মোহাম্মদ আমজাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৪ আসনের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মো. মিজানুর রহমান। 

তিনি বলেন, এ দেশের মানুষ যেন পুনরায় ফ্যাসিবাদী শাসনের শিকার না হয়, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। এ সময় রিকশা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি ।