শিরোনাম

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, গণঅভ্যুত্থান ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়—এই উপলব্ধি থেকেই বিএনপিসহ ৩৯টি রাজনৈতিক দল একত্র হয়ে যুগপৎ আন্দোলন গড়ে তুলেছিল।
তিনি বলেন, আমাদের লক্ষ্য কেবল ক্ষমতায় যাওয়া নয়, বরং ক্ষমতার চরিত্র বদলানো। এজন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
আজ সোমবার বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় তিনি এ আহ্বান জানান।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ সকালে বাহেরচরে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে জোনায়েদ সাকি বলেন, দেশের জন্য আজ একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে, যা এনে দিয়েছে শিশু, নারী, বৃদ্ধসহ সব শ্রেণি-পেশার মানুষ এবং বিশেষ করে তরুণ সমাজ। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে এবং নতুন বাংলাদেশ গড়ার পথ উন্মুক্ত হয়েছে।
তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কার ও মেরামতের জন্য ৩১ দফার রূপরেখা দেওয়া হয়েছে, যার ভিত্তিতেই ‘এক দফা’ আন্দোলন গড়ে ওঠে।
তিনি জানান, আগামী ১২ তারিখে একটি গণভোট অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ রাষ্ট্র সংস্কারের প্রস্তাবের বিষয়ে মতামত দেবেন। ওই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে, তবে লড়াই এখন শাসনব্যবস্থা বদলের। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তই দেশের সামনে এগিয়ে যাওয়ার পথ।
বাঞ্ছারামপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এখানে কোনো ধর্ষণ, সন্ত্রাস বা মাদকের জায়গা হবে না। একটি নিরাপদ বাঞ্ছারামপুর গড়ে তুলতে হবে। একই সঙ্গে শিশুদের জন্য মানসম্মত শিক্ষা ও আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যাতে তারা এখান থেকেই বিশ্বব্যাপী যুক্ত হতে পারে।
শ্রমিক, কৃষক ও প্রবাসীদের কষ্টার্জিত আয়ের ন্যায্য মূল্যায়নের ওপরও গুরুত্ব দেন সাকি।
ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, ভোটই গণতন্ত্রের মূল ভিত্তি। কেউ ভোট কারচুপি বা কেন্দ্র দখলের চেষ্টা করলে জনগণকে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি ভোটারদের কোনো ধরনের প্রলোভনে সম্মান বিক্রি না করা এবং নির্বাচনের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।