শিরোনাম

রাজশাহী, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী মহানগরীতে ধানের শীষ প্রতীকে জনগণ উৎফুল্ল হয়ে পড়েছে। ধানের শীষ প্রতীক জনগণের পছন্দের প্রতীকে পরিণত হয়েছে। ধানের শীষের জোয়ার শুরু হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় নগরীর ১০ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণায় তিনি এসব কথা বলেন।
মিনু আরও বলেন, রাজশাহীতে ধানের শীষে সর্বস্তরের মানুষের উফুল্লতা দেখা যাচ্ছে। আমরা ৩০০ জন লোক নিয়ে বের হলে হাজার হাজার মানুষ সারিতে চলে আসে এটা ধানের শীষকে ভালবেসে। আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে জনতার জোয়ারে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, রাজশাবাসী অতীতেও ধানের শীষকে তাদের প্রিয় প্রতীক হিসেবে গ্রহণ করেছে, এখনও গ্রহণ করছে। আমাদের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সামনে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন। এ নির্বাচনে রাজশাহীর সর্বস্তরের জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দেবে।
জনসভায় আমাদের চেয়ারম্যান তার বক্তব্যে ভবিষ্যতে রাজশাহী কি হবে তা তিনি বলেছেন।
মিনু বলেন, রাজশাহী এয়ারপোর্ট থেকে কার্গো বিমানের মধ্যে পূর্ব এবং পশ্চিমে সরাসরি ভেজিটেবল এবং ফ্রুট সাপ্লাই করার যে ব্যবস্থা সেটা আমরা অবশ্যই করবো, জনগণ যদি আমাদের সেবা করার সুযোগ দেয়, নির্বাচিত করে। আমরা উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্বাসী।
এরপর মিজানুর রহমান মিনু নেতাকর্মীদের নিয়ে হাঁতেমখান ছোট মসজিদ থেকে হরিজন পল্লীসহ বিভিন্না পাড়া-মহল্লায় গণসংযোগ করেন। তিনি সবার সঙ্গে কথা বলে ধানের শীষের পক্ষে ভোট ও দোয়া কামনা করেন। হরিজন পল্লীতে সংক্ষিপ্ত পথসভায় তিনি সুযোগ পেলে পল্লীর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, সহসভাপতি এড. ওয়ালিউল হক রানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুজ্জামান মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক রিপন আলী।
১০ নম্বর ওয়ার্ডে গণসংযোগ শেষে তিনি ১১ এবং ৮ নম্বর ওয়ার্ডের গণসংযোগ এবং প্রচার-প্রচারণা চালান। এ সময় তার সঙ্গে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকের স্লোগানে উত্তাল হয়ে ওঠে পাড়া-মহল্লার রাস্তাঘাট।