বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৩
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৩

৪ ফেব্রুয়ারি কুড়িগ্রামে আসবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের আগমন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

কুড়িগ্রাম, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আগামী ৪ ফেব্রুয়ারি কুড়িগ্রামে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন অনুষ্ঠাতব্য নির্বাচনী জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন।

এ উপলক্ষ্যে আজ জেলা শহরের চামড়ার গোলা এলাকায় জেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আজিজুর রহমান স্বপন বলেন, কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনের প্রার্থীদের পক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি সকাল ৯টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে একটি বৃহৎ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। তিনি জানান, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি আরও জানান, জনসভায় এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিসহ ১১ দলীয় জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। পাশাপাশি জেলার চারটি সংসদীয় আসনের ১১ দলীয় জোটের প্রার্থীরাও জনসভায় উপস্থিত থাকবেন।

জেলা জামায়াতের আমির আশা প্রকাশ করে বলেন, এ জনসভায় কুড়িগ্রামের চারটি সংসদীয় আসন থেকে চার থেকে সাড়ে চার লাখ নারী-পুরুষের সমাগম ঘটবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, সহ-সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ ও শাহজালাল হক সবুজ, জেলা বায়তুল মাল সম্পাদক জহরুল ইসলাম, এনসিপির জেলা আহ্বায়ক মো. মুকুল মিয়া, খেলাফত মজলিস রংপুর অঞ্চলের সহকারী পরিচালক সবেবর মিয়াসহ জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা।