শিরোনাম

রাঙ্গামাটি, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাঙ্গামাটি ২৯৯ নম্বর সংসদীয় আসনে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের পক্ষে জেলার লংগদুতে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় উপজেলার ভাইবোনছড়া বাজার প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটিরসহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান।
এ সময় উপস্থিত ছিলেন ৯ম জাতীয় সংসদ সদস্য প্রার্থী মিসেস মৈত্রী চাকমা, জেলা বিএনপির সহ সভাপতি আবু নাসের, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল বারেক দেওয়ানসহ জেলা উপজেলার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় দীপেন দেওয়ান বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে সকলের সঙ্গে সমন্বয় করে জেলা-উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষ নিরাপদে ও শান্তিপূর্ণভাবে একসঙ্গে থাকতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে।
এ জন্য তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।