শিরোনাম

পটুয়াখালী, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার বাউফলের ৭ নম্বর বগা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার রাত নয়টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের প্রার্থী শহিদুল আলম তালুকদারের সহধর্মিণী সালমা আলম।
তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রাম করেছে। আগামীর লড়াইয়েও সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা কাজী খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাউফল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি শিকদার, উপজেলা বিএনপির সদস্য কাজল হাওলাদার ও আবুল কালাম মৃধা, বাউফল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ, বগা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান বাবুল মৃধাসহ অনেকে।
বক্তারা বলেন, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে জনগণের পাশে থেকে কাজ করতে হবে।
একই সঙ্গে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা। উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।