শিরোনাম

বান্দরবান, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বান্দরবানে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের উপ-পরিচালক মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবদুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন।
এছাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলাউদ্দিন ইমামী, সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের খতিব মাওলানা রাশেদুল হকসহ বিভিন্ন মসজিদের খতিব, ইমাম এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে বক্তারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মসজিদভিত্তিক ধর্মীয় আলোচনা ও খুতবার মাধ্যমে ভোটারদের সঠিক তথ্য জানানো এবং ভোট প্রদানে উদ্বুদ্ধ করার আহ্বান জানান বক্তারা।