শিরোনাম

খুলনা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা শুরু হয়েছে। আজ বেলা সোয়া ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে এ জনসভা শুরু হয়।
এতে সভাপতিত্ব করছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা। পরিচালনা করছেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম শফিকুল আলম তুহিন। কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনসভায় উপস্থিত হবেন।
বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের নির্বাচনী জনসভায় খুলনার বন্ধ মিল-কলকারখানা চালু, দক্ষিণাঞ্চলে পাইপ লাইন, গ্যাস, সুন্দরবন কেন্দ্রিক ট্যুরিজম, তথ্য প্রযুক্তি (আইটি) সেক্টরের উন্নয়ন, কর্মসংস্থানসহ গ্রীন এবং ক্লিন খুলনার প্রতিশ্রুতি প্রত্যাশা করছেন। একই সঙ্গে জনসভায় খুলনার উন্নয়নের রূপরেখাও তুলে ধরবেন তিনি।
এছাড়া সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ, উপকূলীয় অঞ্চলের মানুষের জান-মাল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বেকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মিল-কারখানা পুনরায় চালু, খুলনায় গ্যাস সংযোগ নিশ্চিতকরণ এবং নতুন ইকোনমিক জোন নির্মাণসহ দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক পুনর্জাগরণের নানা পরিকল্পনাও দলীয় প্রধানের বক্তব্যে গুরুত্ব পাবে।
নগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, তারেক রহমানের খুলনা সফর কেবল একটি নির্বাচনী কর্মসূচি নয়, বরং দলীয় নেতাকর্মীদের মধ্যে সাহস, আত্মবিশ্বাস এবং মনোবল পুনরুদ্ধারের একটি মুহূর্ত হিসেবে দেখছেন। যারা দীর্ঘ বছর ধরে আন্দোলন ও সংগ্রামে নিয়োজিত রয়েছেন, তাদের জন্য এই সফর অনুপ্রেরণার এক নতুন উৎস হিসেবে কাজ করবে। দীর্ঘ ২২ বছর পর আমাদের প্রিয় নেতাকে তার নিজ শহরে দেখা আমাদের জন্য আবেগ, গর্ব এবং সম্মানের বিষয়।
নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, খুলনা ঐতিহাসিকভাবে বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি। জাতীয় নির্বাচনের আগে তারেক রহমানের এই সফর দলের রাজনৈতিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এদিকে, দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তারেক রহমানের প্রথম সফরকে কেন্দ্র করে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতা, কর্মী এবং সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে।
বিএনপির সাবেক নগর সভাপতি এবং খুলনা-২ বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরার বিএনপি প্রার্থীরা তাদের পূর্ণ সাংগঠনিক শক্তিকে একত্রিত করে প্রভাতী স্কুলের সমাবেশে তাদের নিজ নিজ এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষকে নিয়ে যোগ দেবেন।
উল্লেখ্য, এর আগে তারেক রহমান জোট সরকারের আমলে ২০০৪ সালে খুলনা সফরে এসেছিলেন। সে সময়ে তিনি শহরের জিয়া হল অডিটোরিয়ামে তৃণমূল পর্যায়ের বিএনপি নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দিয়েছিলেন।