বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০০

জোটের ঐক্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা জনগণ মেনে নিবে না: এবি পার্টি

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): এবি পার্টি নেতৃবৃন্দ বলেছেন, ১১ দলীয় জোটের ঐক্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা জনগণ মেনে নিবে না। জোট ঐক্যবদ্ধভাবেই দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।  

রোববার এক যৌথ বিবৃতিতে এবি পার্টির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা এবং সদস্য সচিব আলতাফ হোসাইন এসব কথা বলেন। 

বিবৃতিতে তারা “জামায়াতে ইসলামীর সমর্থন পেয়েও শরীকদের সহযোগিতা না করায় ১১ দলে অসন্তোষ” শিরোনামে প্রকাশিত একটি সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন। সংবাদে উত্থাপিত বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই উল্লেখ্য করে তারা এ ধরণের সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।

তারা বলেন, ১১ দলীয় জোটের শরীকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সৌহার্দ্য ও সমন্বয় অত্যন্ত সুদৃঢ় ও সুসংহত রয়েছে। জোটের ভেতরে কোনো ধরনের অসন্তোষ বা সহযোগিতার ঘাটতি নেই। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ১১ দলীয় জোটের ঐক্য বিনষ্ট করতে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এ ধরনের বানোয়াট সংবাদ পরিবেশন করছে, যা সাংবাদিকতার নীতি ও পেশাগত দায়িত্ববোধের পরিপন্থী।

বিবৃতিতে সংশ্লিষ্ট গণমাধ্যমকে দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ প্রকাশ এবং ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন ও যাচাইবিহীন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। 

গুজবে কান না দিয়ে সত্য ও বাস্তবতার ওপর আস্থা রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ১১ দলীয় জোটের ঐক্য ও রাজনৈতিক কর্মসূচি আগের মতোই দৃঢ়ভাবে এগিয়ে যাবে।