বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৭

পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ বন্দি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলা কারাগারে থাকা ১৮ জন বন্দি পোস্টাল ব্যালটে ভোট দেবেন। ছবি: বাসস

পঞ্চগড়, ১ ফেব্রুযারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলা কারাগারে থাকা ১৮ জন বন্দি পোস্টাল ব্যালটে ভোট দেবেন। এর মধ্যে ১২ জন কয়েদি ও ৬ জন হাজতি রয়েছেন। 

ভোটারদের মধ্যে দুজনের বাড়ি দিনাজপুর ও বগুড়া জেলায়, বাকি সবাই পঞ্চগড় জেলার বাসিন্দা। ভোটারদের সবাই পুরুষ, নারী ভোটার নেই।

আজ রোববার পঞ্চগড় জেলা কারাগারের জেলার আখিরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, বর্তমানে কারাগারে মোট ৩৫৬ জন কারাবন্দি রয়েছেন। এর মধ্যে ৬৭ জন কয়েদি। কারাগারে বর্তমানে ৮ জন নারী কারাবন্দি ও ৬ জন বিদেশি নাগরিক আছেন। এছাড় জেলা কারাগার থেকে ৫৫ জন কর্মকর্তা ও কর্মচারী পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

কারাগারে দায়িত্বে নিয়োজিত হাবিলদার মেরাজুল ইসলাম বলেন, দীর্ঘ ৩৭ বছর ধরে চাকরিতে নিয়োজিত আছি। এবার চাকরিরত অবস্থায় প্রথমবারের মতো ভোট দিতে পারবো। বিষয়টি ভেবে আমি খুবই খুশি।

জেলার আখিরুল ইসলাম জানান, কারাগার থেকে এবার ১৮ জন কারাবন্দি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। ভোট গ্রহণের জন্য কারাগারের ভেতরে একটি গোপন বুথ স্থাপন করা হবে। এ ছাড়া কারাগার থেকে ৫৫ জন কর্মকর্তা ও কর্মচারী পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, জেলায় মোট ৮ হাজার ৬৯ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন। এর মধ্যে নারী ভোটার ২ হাজার ১৩০ জন এবং পুরুষ ভোটার ৫ হাজার ৯৩৯ জন।