শিরোনাম

ফরিদপুর, ৮ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) জেলায় আজ নয়ন হোসেন (২৯) নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকার অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ বদিউজ্জামান এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত নয়ন হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে প্রেরণ করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের পিপি চৌধুরী জাহিদ হাসান খোকন এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, যশোর জেলার শার্শা উপজেলার বাসিন্দা নয়ন হোসেন দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত ছিলেন। নয়ন হোসেন যশোর থেকে মাদকদ্রব্য নিয়ে এসে ফরিদপুর সহ আশপাশের জেলায় বিক্রি করতেন। বিগত ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর গোপন তথ্যের ভিত্তিত্বে ফরিদপুর শহরের রাজবাড়ী সড়কের মোড়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায় র্যাব-১০ এর একটি দল। তল্লাশীকালে একটি প্রাইভেটকারে থাকা নয়শ’ ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারি নয়ন হোসেনকে আটক করা হয়।
পরে এ ঘটনায় র্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের ডিএডি মো. হাবিবুর রহমান বাদি হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।
মামলার শুনানি শেষে স্বাক্ষ্য- প্রমানের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ বদিউজ্জামান রায় ঘোষণা করেন।