বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৪

দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলির ঘটনায় গ্রেফতার মঞ্জুরুল রিমান্ডে

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকায় ক্রোকারিজের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলির অভিযোগে অস্ত্র আইনে করা মামলায় মঞ্জুরুল ইসলাম নামে একজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

গত রোববার মঞ্জুরুলকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এসআই মিঠুন মণ্ডল মঞ্জুরুলের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।

গত শনিবার রাত সোয়া ৮টার দিকে কদমতলীর দক্ষিণ দনিয়া-শনিরআখড়া এলাকায় একটি ক্রোকারিজের দোকানে ঢুকে ব্যবসায়ী মো. আসলাম খানকে গুলি করা হয়। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে মঞ্জুরুল ইসলামকে আটক করা হয়। গুলিবিদ্ধ আসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় কদমতলী থানার এসআই অশোক কুমার সরকার বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন।