বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৫

নাসা গ্রুপের চেয়ারম্যানের সম্পত্তি ফ্রিজ করেছে ‘আইল অব ম্যান’

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, নাসরিন ইসলাম ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং ‘ওয়ান প্রপার্টি লিমিটেড’-এর বিষয়ে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর)-এর আওতায় পাঠানো সব অনুরোধের কাজ সম্পন্ন করেছে যুক্তরাজ্যভিত্তিক ‘আইল অব ম্যান’ কর্তৃপক্ষ।

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আইল অব ম্যান জানিয়েছে, দুদকের অনুরোধ পুরোপুরি বাস্তবায়ন করা হয়েছে এবং অভিযোগের সাথে যুক্ত ব্যক্তিদের সম্পত্তিও ফ্রিজ (অবরুদ্ধ) করা হয়েছে।

আজ দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, নাসরিন ইসলাম এবং ওয়ান (WAN) প্রপার্টি লিমিটেডের বিষয়ে দুদকের পাঠানো এমএলএআরের অনুরোধ অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে আইল অব ম্যান কর্তৃপক্ষ। একই সাথে সংস্থাটির অনুরোধ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পত্তি ফ্রিজ করার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।