শিরোনাম

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ঢাকার শ্যামপুরের ডিআইটি প্লট এলাকায় আফরা খানকে (১৬) আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় তার স্বামী রাহাত হোসেনের (২২) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
গত ২১ আগস্ট শ্যামপুরের ডিআইটি প্লটের নিজ বাসা থেকে রাহাতকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আজ দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৮ মে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাহাত ও আফরা। বিয়ের পর থেকেই রাহাত বিভিন্ন বিষয় নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করত। এর প্রতিবাদ করলে আফরাকে মারধর করা হতো। আফরাকে ভয়ভীতি, হুমকি ও মানসিক নির্যাতনসহ অপমান করে হয়রানি ও মানসিকভাবে বিপর্যস্ত করা হতো।
গত ২০ আগস্ট আফরার শাশুড়ি সোনিয়া আক্তার ভুক্তভোগীর মাকে ফোন করে জানায়, আফরা অজ্ঞান হয়ে পড়ে গেছে। তাকে সূত্রাপুরের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান লিটন ব্যাপারী ও সাইফ। আফরার মা হাসপাতালে যান। সেখানে গিয়ে মেয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। সেখান থেকে আফরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ২০ আগস্ট শ্যামপুর থানায় রাহাতসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন তার মা লাকী আক্তার।
অপর তিন আসামি হলেন— রাহাতের মা সোনিয়া আক্তার, বাবা লিটন ব্যাপারী ও বড় ভাই সাইফ হোসেন।