বাসস
  ৩০ এপ্রিল ২০২৬, ২১:৩৩

ভার্চুয়াল উপস্থিতিতে বৃহস্পতিবার ১২৩০ মামলা শুনানি করে ৬২০টি নিষ্পত্তি

ফাইল ছবি

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ভার্চুয়াল উপস্থিতিতে আজ সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগে ১২৩০টি মামলা শুনানি করে ৬২০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ এপ্রিল বৃহস্পতিবার তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপিল বিভাগে ১৭০টি মামলা শুনানি করে ৭০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে এবং হাইকোর্ট বিভাগে ১০৬০টি মামলা শুনানি করে ৫৫০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সর্বমোট ১২৩০টি মামলা শুনানি করে ৬২০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

গতকাল বুধবার ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টে ১১৭৪টি মামলা শুনানি করে ৪০৯টি মামলা নিষ্পত্তি করা হয়। এর আগের সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টে উভয় বিভাগে দুই দিনে ২ হাজার ১৬৭টি মামলা শুনানি করে ৭৭৩ টি মামলা নিষ্পত্তি করা হয়।

প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ২০ এপিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং সুপ্রিম কোর্টের জারিকৃত প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। সপ্তাহের অন্যান্য কার্যদিবসে শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল উপস্থিতিতে আদালতে শুনানি সংক্রান্ত মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং ভার্চুয়াল (মিটিং) আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ও সংশ্লিষ্ট বেঞ্চ হতে জানা যাবে। এই নির্দেশনা আগামী ২২ এপ্রিল হতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।