বাসস
  ১১ আগস্ট ২০২৬, ১৯:৪৪
আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৯:৪৬

মধ্যপ্রাচ্যে বাড়ছে স্ক্যাফোল্ডারের চাহিদা, দক্ষ জনবল তৈরিতে এনএসডিএর উদ্যোগ

ছবি: জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ (বাসস): কনস্ট্রাকশন সেক্টরে ভবন নির্মাণ থেকে শুরু করে বড় অবকাঠামো প্রকল্পে স্ক্যাফোল্ডিংয়ের প্রয়োজনীয়তা থাকায় দেশের নির্মাণ খাতের পাশাপাশি মধ্যপ্রাচ্যের শ্রমবাজারেও স্ক্যাফোল্ডারদের (নির্মাণকাজে অস্থায়ী কাঠামো স্থাপন ও খুলে ফেলার দক্ষ কর্মী) চাহিদা বাড়ছে।

এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ স্ক্যাফোল্ডার তৈরির লক্ষ্যে কারিকুলাম প্রণয়নের উদ্যোগ নিয়েছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)।

এর অংশ হিসেবে আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনএসডিএর সম্মেলন কক্ষে কনস্ট্রাকশন সেক্টরের অধীন ‘স্ক্যাফোল্ডিং’ অকুপেশনের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড (সিএস) ও কোর্স অ্যাক্রেডিটেশন ডকুমেন্ট (সিএডি) ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় শিল্পখাতের প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, একাডেমিয়া, বিশেষজ্ঞ এবং এনএসডিএর প্রতিনিধিরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান ও সরকারের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী।

সভাপতির বক্তব্যে ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, দেশে স্ক্যাফোল্ডিং পেশায় কর্মরত অনেকেই প্রচলিত পদ্ধতি বা অভিজ্ঞতার ভিত্তিতে দক্ষতা অর্জন করেন। কিন্তু নির্ধারিত মানদণ্ড অনুযায়ী প্রশিক্ষণ ও দক্ষতা যাচাইয়ের সুযোগ সীমিত। নতুন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ও প্রশিক্ষণ কাঠামো চালু হলে এ ঘাটতি কমে আসবে।

তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে কর্মসংস্থানমুখী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ‘স্ক্যাফোল্ডিং’ পেশার জন্য কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ও প্রশিক্ষণ কারিকুলাম প্রণয়ন এ উদ্যোগেরই অংশ।

এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান বলেন, শুধু দেশের নির্মাণ খাত নয়, বিদেশের শ্রমবাজারেও, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, এ উদ্যোগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবকাঠামো ও নির্মাণ প্রকল্পে স্ক্যাফোল্ডারদের প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক মান অনুযায়ী প্রশিক্ষিত কর্মী তৈরি করা গেলে বাংলাদেশি কর্মীদের জন্য এসব শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, স্ক্যাফোল্ডিং হলো নির্মাণকাজে শ্রমিকদের নিরাপদে উঁচু স্থানে ওঠা, চলাচল ও কাজ করার জন্য ব্যবহৃত অস্থায়ী কাঠামো। এটি স্থাপন বা ব্যবহারে দক্ষতার ঘাটতি থাকলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। ফলে এ পেশায় প্রশিক্ষিত জনবল তৈরির পাশাপাশি নিরাপদ কর্মপদ্ধতি নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

কর্মশালায় প্রস্তাবিত কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ও প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। শিল্পে কাজের বাস্তব চাহিদা, প্রয়োজনীয় কারিগরি দক্ষতা, নিরাপত্তা ব্যবস্থা, সরঞ্জাম ব্যবহার এবং কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে অংশীজনদের মতামত নেওয়া হয়।

কর্মশালায় অংশীজনদের মতামত অন্তর্ভুক্ত করে সিএস ও সিএডি চূড়ান্ত করা হয়। এর মাধ্যমে প্রশিক্ষণ কারিকুলাম তৈরির পাশাপাশি এনএসডিএ- নিবন্ধিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে স্ক্যাফোল্ডিং কোর্স চালুর সুযোগ তৈরি হবে। ফলে দেশে স্ক্যাফোল্ডিং পেশায় প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনবল তৈরির পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।