বাসস
  ১১ আগস্ট ২০২৬, ১৮:৫২

লিগ্যাল এইডে ১ লাখ ৪২ হাজার ৪৫৭ কারাবন্দিকে আইনি সহায়তা প্রদান 

 ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ (বাসস): জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে ১ লাখ ৪২ হাজার ৪৫৭ জন কারাবন্দিকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রমের বিস্তারিত চিত্র এতে তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ সেবার মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৩৭ জন, ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১২ লাখ ৮৯ হাজার ৩৬৪ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৪০৪ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারের (টোল ফ্রী-’১৬৬৯৯’) ২ লাখ ১২ হাজার ৫২০ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ সেবা (ফেসবুক মেসেঞ্জার)  পেয়েছেন ২৪১ জন। পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সচেতন জনগোষ্ঠীর সংখ্যা ২ লাখ, ৩৬ হাজার ৪৩৫ জন। সবমিলিয়ে এ পর্যন্ত আইনগত সহায়তার মাধ্যমে সুবিধাভোগীর সংখ্যা ১৮ লাখ ১ জন। 

আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সহায়তা দিতে প্রণীত ‘আইনগত সহায়তা প্রদান আইন’র অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন একটি সরকার নিয়ন্ত্রিত সেবা সংস্থা।