শিরোনাম

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস): বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ভার্চুয়াল উপস্থিতিতে আজ সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগে ১১৭৪টি মামলা শুনানি করে ৪০৯টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ এপ্রিল বুধবার তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৫২টি মামলা শুনানি করে ৩০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে এবং হাইকোর্ট বিভাগে ১১২২টি মামলা শুনানি করে ৩৭৯টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সর্বমোট ১১৭৪টি মামলা শুনানি করে ৪০৯টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
গত বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টে উভয় বিভাগে দুই দিনে ২ হাজার ১৬৭টি মামলা শুনানি করে ৭৭৩ টি মামলা নিষ্পত্তি করা হয়।
প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত ২০ এপ্রিলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং সুপ্রিম কোর্টের জারিকৃত প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। সপ্তাহের অন্যান্য কার্যদিবসে শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।
এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল উপস্থিতিতে আদালতে শুনানি সংক্রান্ত মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং ভার্চুয়াল (মিটিং) আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ও সংশ্লিষ্ট বেঞ্চ হতে জানা যাবে।