বাসস
  ২৯ এপ্রিল ২০২৬, ১৫:৩৩

সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ১০৫ হিসাব অবরুদ্ধ, আয়কর নথি জব্দ

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নামে থাকা ১০৫টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এর মধ্যে ৫টি ব্যাংক হিসাব, ১৩টি ওয়েজ আর্নারস বন্ড ও ৮৭টি এফডিআর রয়েছে। এছাড়া খন্দকার মোশাররফ হোসেনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর মামলার দুদকের পৃথক দু’টি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস-কে বিষয়টি জানান।

আবেদনে বলা হয়েছে, মামলায় এজাহার নামীয় আসামি খন্দকার মোশাররফ হোসেন কর্তৃক ঘুস ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৫ কোটি ১৮ লাখ টাকা মূল্যের সম্পত্তি অর্জনপূর্বক নিজ দখলে রেখে এবং ব্যাংক হিসাবের মাধ্যমে ৯৯ কোটি ২১ লাখ টাকা ও ১১ লাখ ৩৩ হাজার ৮১৬ ডলার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করায় দুদক ২০২৫ সালের ২ জুন মামলা দায়ের করেছেন। আসামি খন্দকার মোশাররফ হোসেনের নামীয় ব্যাংক হিসাব, ওয়েজ আর্নারস বন্ড ও এফডিআরসমূহ জরুরী ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন। এছাড়া তার নামীয় মূল আয়কর নথির শুরু হতে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।