শিরোনাম

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরী শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।
ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী বাসস-কে এ তথ্য জানান।
এর আগে গত ১ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা-৯ নম্বর সেক্টর এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সাফিকুর রহমানের বাসায় ১১ বছরের এক শিশু ২০২৫ সালের জুন মাস থেকে কাজ করতো। এরপর ৩১ জানুয়ারি শিশুটিকে তার বাবার কাছে বুঝিয়ে দেন আসামিরা। ওই সময় তার বাবা দেখতে পান, শিশুটির শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম রয়েছে। এরপর শিশুটির বাবা তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এ ঘটনায় শিশুটির বাবা গত ১ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথিকে আসামি করা হয়।