বাসস
  ২৭ এপ্রিল ২০২৬, ১৬:১৬

হাটহাজারীতে ১৮ মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রাম, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস): চট্টগ্রামের হাটহাজারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে ১৮ মামলার পলাতক আসামি ওসমান গণি ওরফে মনা (৩৫)-কে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আজ দুপুরে চট্টগ্রামস্থ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

তিনি জানান, ‘গতকাল রোববার বিকেল ৩টার দিকে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের পাঁচতলা ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। ওসমান গণি ওরফে মনা অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী। অভিযানকালে তার কাছ থেকে একটি বিদেশি ৭ দশমিক ৬৫ পিস্তল (ম্যাগাজিনসহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, চাপাতি ও সুইচ গিয়ার চাকু, নগদ ৫১ হাজার টাকা এবং বিভিন্ন মডেলের কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনা অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব দেওয়া এবং অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রির সঙ্গে সম্পৃক্ততার বিষয়েও তথ্য দিয়েছেন তিনি।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আরো দুই আসামি- হৃদয় (৩০) ও রাজুর (৩২) সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়।

এ ঘটনায় গ্রেফতার মনার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।