বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ১৬:৫৮

হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ৪ দিনের রিমান্ডে

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস): চব্বিশের জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় মাহমুদুল হাসান (২৬) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরের চার দিনের  রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। 

এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। 

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ  তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩০ মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেফতার করে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আজমপুর এলাকায় ছাত্র-জনতার একটি মিছিল চলাকালে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এ সময় মাহমুদুল হাসান (২৬) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতাল নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয়।