শিরোনাম

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : অবসরপ্রাপ্ত লে. জেনারেল নাজিম উদ্দিনের স্ত্রী আজিজা তাহের ও ছেলে মোহাম্মদ জায়েম বিন নাজিমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ (মঙ্গলবার) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ মামলার তদন্ত সংস্থা দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মো. নাজিম উদ্দিনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলমান রয়েছে। এ অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তার স্ত্রী ও সন্তানের আয়কর নথি (২০১৩-২০১৪ করবর্ষ থেকে ২০২৫-২০২৬ করবর্ষ পর্যন্ত বছরভিত্তিক আয়কর রিটার্ন এবং সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্রের সত্যায়িত (সার্টিফাইড) ছায়ালিপি) পর্যালোচনা প্রয়োজন।