বাসস
  ২০ এপ্রিল ২০২৬, ২০:৩৭

তারেক সিদ্দিকীর ড্রাইভার ও কেয়ারটেকার ৪ দিনের রিমান্ডে

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস): চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় দুইজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকীর ড্রাইভার মো. মহিদুল ইসলাম (৪২) ও কেয়ারটেকার মো. চান মিয়া (৪৬)।

আজ সোমবার (২০ এপ্রিল) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ এপ্রিল মহিদুল ইসলামকে ঠাকুরগাঁও থেকে এবং চান মিয়াকে ঢাকার ভাষানটেক এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় আসামিদের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। 

এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।