শিরোনাম

ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬ (বাসস): রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে এলেক্স ইমন গ্রুপের মূল হোতা ইমন ওরফে এলেক্স ইমনকে (২৫) কুপিয়ে হত্যা করার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া আসামিরা হলেন- সাঈদ হোসেন শিমুল ওরফে আইয়ূষ (২৬), মো. তুহিন বিশ্বাস (২৪), মো. রাব্বি কাজী (২৫), মো. রানা (৪০), মো. সুমন ওরফে পাখির পোলা সুমন (২৬) ও মো. রাসেল ওরফে পিচ্চি রাসেল (২৫)।
চার দিনের রিমান্ড শেষে আজ রোববার (১৯ এপ্রিল) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ১৬ এপ্রিল তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১২ এপ্রিল বিকেলে মোহাম্মদপুর থানার বুদ্ধিজীবী রোডের বাঁশবাড়ি এলাকায় প্রতিদ্বন্দ্বী কিশোর গ্যাংয়ের সদস্যরা পূর্ব শত্রুতার জেরে এলেক্স ইমনকে একা পেয়ে ঘিরে ফেলে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয় তাকে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা ফেরদৌসী বেগম ১৩ এপ্রিল বাদি হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এজহারনামীয় আসামি করা হয় ২১ জনকে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামি করা হয়।