বাসস
  ১৩ এপ্রিল ২০২৬, ১৫:০৫

হেরোইন উদ্ধারের মামলায় ২ জনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকার যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকা থেকে ১১৮ গ্রাম হেরোইন উদ্ধারের ঘটনায় করা মামলায় ইমরান ও রবিন নামে দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ (সোমবার) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী এ রায় দেন।

সানজিদা নামে আরেক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারি গোলাম নবী বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ২৩ জানুয়ারি রাত ১০ টার দিকে পুলিশ জানতে পারে, যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকায় হেরোইন বিক্রি হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে ইমরান ও রবিন নামে দু’জনকে আটক করে। সেসময় বেবি ও সানজিদা নামে অপর দুই মাদক কারবারি পালিয়ে যায়। অভিযানে ইমরান ও রবিনের কাছ থেকে ১১৮ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় একই দিন যাত্রাবাড়ী থানার এসআই বিল্লাল হোসেন জনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। 

তদন্ত শেষে ২০১৯ সালের ২৩ এপ্রিল আসামি ইমরান, রবিন ও সানজিদাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন যাত্রাবাড়ী থানার এসআই মুকিত হাসান। 

পরে ২৭ জুন তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালতে ৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।