শিরোনাম

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে লিগ্যাল এইড-এর মাধ্যমে ৩০ হাজার ৪১ জন শ্রমিককে সরকারি খরচে আইনি সেবা দেওয়া হয়েছে।
সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত লিগ্যাল এইড-এর আওতায় আইনি সহায়তার বিস্তারিত চিত্র এতে তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ সেবা চালু করা হয়। পরে ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল স্থাপন করা হয়। এসব সেলের মাধ্যমে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ৩০ হাজার ৪১ জন শ্রমিক আইনি সহায়তা পেয়েছেন।
এ সময়ে ২২ হাজার ১১০টি আইনি পরামর্শ দেওয়া হয়েছে। ৪ হাজার ৬২২টি মামলায় আইনি সহায়তার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ৮২০টি মামলা নিষ্পত্তি হয়েছে।
বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে ৩ হাজার ৩০৯টি মামলার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ১ হাজার ৯২০টি মামলা নিষ্পত্তি হয়েছে।
আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।